spot_img
spot_img

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির প্রশাসন ও নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে।

আমেরিকা ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের অবসান নিয়ে অনুষ্ঠিত আলোচনার পর দেশে ফিরে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গালিবাফ বলেন, ‘হরমুজ প্রণালি আর কখনো যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরবে না। আন্তর্জাতিক আইনের আওতায় এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে।’

নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সুইজারল্যান্ডের বিলাসবহুল পর্যটনকেন্দ্র বুর্গেনস্টকে অনুষ্ঠিত আলোচনা থেকে ‘ভালো অর্জন’ এসেছে।

গালিবাফ বলেন, ‘আমার মতে এই সফর ইতিবাচক ফল দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে আলোচনা, লেবানন ইস্যু, তেলের ওপর ছাড়, অয়েল ওয়েভার এবং ইরানের জব্দকৃত অর্থ মুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।’

এদিকে সুইজারল্যান্ডে ইরান ও আমেরিকার মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স ইরানের জব্দ করা সম্পদ নিয়ে ওয়াশিংটনের একটি বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন।

তিনি জানান, ইরান যাতে এই অর্থ সন্ত্রাসবাদে অর্থায়ন না করে বরং সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করে, তা নিশ্চিত করতে আমেরিকা ও কাতার যৌথভাবে একটি বিশেষ প্রক্রিয়া তৈরি করছে।

ভ্যান্স বলেন, এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন পণ্য কেনা নিশ্চিত করা। এতে একই সঙ্গে আমেরিকার অর্থনীতি এবং ইরানের সাধারণ জনগণ উপকৃত হবে।

সূত্র: দ্য ডন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ