spot_img
spot_img

বিদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উত্থাপনের আহ্বান ডা. শফিকের

বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উত্থাপনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উত্থাপন করা উচিত। জনগণের প্রতিনিধিরা যখন এসব বিষয়ে অবগত থাকবেন, তখন সরকার ও জনগণের মধ্যে আস্থা ও সেতুবন্ধ আরও দৃঢ় হবে।

শনিবার বেলা ১১টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশনের প্রথমে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সরকারি দলের ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হয়। এ প্রস্তাবে সমর্থন জানিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এই সংসদ যেন সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হয়। সংসদকে বাইপাস করে যেন কিছু না হয়। আগামী দিনে জনগণ সরকারি দল ও বিরোধী দল সবার কার্যক্রম মূল্যায়ন করবে এবং তারাই সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধী দল সবকিছুতে বিরোধিতা করবে—ব্যক্তিগতভাবে ও দলগতভাবে আমরা এই সংস্কৃতি সমর্থন করি না। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করতে হবে। আর বিরোধী দলেরও দায়িত্ব থাকবে, দেশ গঠনে তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখা।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা সবাই চাই, আমাদের সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। আমি আশা করি, প্রধানমন্ত্রী সেই সতর্কতা অবলম্বন করেছেন। একই সঙ্গে আমরা এটাও আশা করি, আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কেউ হস্তক্ষেপ করুক—এটা আমরা কখনো মেনে নেব না।

তিনি আরও বলেন, দেশের স্বার্থ আগে। এরপর অবশ্যই কারও সঙ্গে আমাদের চুক্তি যা-ই হোক, তা হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্য রক্ষা করেই আগামীর নীতি পরিচালিত হওয়া উচিত।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে সরকারের সফলতাও কামনা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ