বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কিছু গোপন উপদেষ্টা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ১১ দলীয় ঐক্যের নেতাদের পরাজিত করেছে। তা না হলে জামায়াতে ইসলামী প্রায় ১৮০টি আসন নিয়ে সংসদে যেতে পারত।
শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্য, ময়মনসিংহ বিভাগের উদ্যোগে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, সংঘাত-সহিংসতা, দুর্নীতি ও বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন। তবে ভোট কারচুপিকে কখনোই স্বীকৃতি দেওয়া হবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি বলেন, রক্তাক্ত জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েই বিএনপি জনগণের ভোট পেয়েছে। জনগণ জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আপনাদের ভোট দেয়নি। সংখ্যাগরিষ্ঠ মানুষের গণভোটের রায় আপনাদের মানতেই হবে।
স্বাস্থ্যখাতের সমালোচনা করে তিনি বলেন, আদ-দ্বীন হাসপাতালে কয়েকজন শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ হামে শত শত শিশুর মৃত্যু হলেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেননি।
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা নেতা রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।











