দেশের ধ্বংস করে দেওয়া বিচার বিভাগকে পুনর্নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনার সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা অ্যাটর্নি জেনারেলের কলম থেকে আদালতের রায় আসতো।
বুধবার (১ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, বিগত সরকার বিচার বিভাগ এবং আইনি প্রক্রিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। শেখ হাসিনার আমলে আদালতের জজ যারা ছিলেন সবাই শেখ হাসিনার তাবেদারি করেছেন। আদালত ও আইনি প্রক্রিয়া শেখ হাসিনা একেবারে ধ্বংস করে দিয়েছে। এখন নতুন করে বিনির্মাণ করতে হবে। দেশের বিচার ব্যবস্থা যেন হাসিনার মতো না হয়। ন্যায্যতা যেন প্রতিষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, বাজেট পাসের পর প্রচলিত নৈশভোজ বাতিল করে প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় করার উদ্যোগ সুশাসনের দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। বিগত সময়ে ফ্যাসিবাদের শক্ত কামড় আমরা দেখেছি। সেই কামড়ের মধ্যেই যারা প্রতিরোধ করেছেন তাদের ভূমিকা অনস্বীকার্য। আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।











