spot_img
spot_img

খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে ১১ দলের প্রতিনিধিদের মোনাজাত

ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে তার রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করেছেন ১১ দলীয় জোটের প্রতিনিধিরা।

জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে শুক্রবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছানোর পর এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মো. কেরামত আলী এমপি, মো. নুরুল আমীন এমপি, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি, ডা. এসএম খালিদুজ্জামান এবং এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরান পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এবং ১১ দলীয় নেতারা।

বাংলাদেশ সময় পৌনে ১টায় নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সমবেত হয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতার মরদেহ সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আনা হয়েছে। সেখানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারসহ প্রতিনিধিদলের ১০ সদস্য উপস্থিত হয়েছেন।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত এসব তথ্য নাসীরুদ্দীন পাটওয়ারীর বরাতে জানিয়েছেন।

আগামীকাল শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা হবে এবং আগামী ৯ জুলাই নিজ জন্মস্থানে তাকে দাফন করা হবে। শনিবার জানাজায় অংশ নিয়ে বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলি হামলায় তিনি শাহাদাতবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ