দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
দলটির নেতারা বলেছেন, জাতীয় ঐকমত্য, গণতান্ত্রিক সংস্কার, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন অপরিহার্য।
শনিবার (৪ জুলাই) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে শূরার অধিবেশনে বক্তারা এসব কথা বলেন।
নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আবদুল কাইয়ুম সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশন সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার।
সভায় ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের দোসরদের পুনরায় সক্রিয় হওয়ার বিভিন্ন প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, অতীতের দুঃশাসন ও দমন-পীড়নের রাজনীতি যেন কোনোভাবেই ফিরে আসতে না পারে, সে লক্ষ্যে জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মজলিসে শূরা দেশের বিভিন্ন স্থানে ইসলামপন্থী রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে হয়রানি ও বৈষম্যমূলক আচরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে।
সভায় সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ, ন্যায়সঙ্গত আচরণ এবং সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সাধারণ মানুষের দুর্ভোগে উদ্বেগ প্রকাশ করা হয়।
একই সঙ্গে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অসাধু সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিম্ন ও মধ্যআয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
অধিবেশনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমীর মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, ডা. মাওলানা মুহাম্মদ ইলিয়াস, সহকারী অর্থসচিব মাওলানা আনোয়ারুল কবির, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, সহকারী সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল ও বাণিজ্য সচিব শাকিরুল হক খান।
এ ছাড়া মজলিসে শূরা পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলে প্রশিক্ষণ ও দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের সিদ্ধান্ত গ্রহণ করে।











