spot_img
spot_img

ইসরাইলি কারাগারে ৪০ বছর কাটানো ফিলিস্তিনি মাহের ইউনিস মারা গেলেন

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে টানা চার দশক বন্দি থাকার পর মুক্তি পাওয়া ফিলিস্তিনি নেতা ও সাবেক বন্দি মাহের আবদুল লতিফ ইউনিস (৬৮) মারা গেছেন।

রোববার (৫ জুলাই) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাহের ইউনিসকে ফিলিস্তিনি ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ইসরাইলের কারাগারে থাকা বন্দিদের একজন হিসেবে বিবেচনা করা হয়। মাত্র ২৫ বছর বয়সে গ্রেফতার হওয়ার পর, তিনি টানা ৪০ বছর কারাভোগ করেন। অবশেষে ২০২৩ সালের ১৯ জানুয়ারি, তিনি মুক্তি পান।

১৯৮৩ সালের ১৮ জানুয়ারি, ইসরাইলি বাহিনী তাকে গ্রেফতার করে। ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে অংশগ্রহণ এবং ফাতাহ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। একই সময়ে তার চাচাতো ভাই কারিম ইউনিস এবং আরেক ফিলিস্তিনি সামি ইউনিসকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মাহের ইউনিস। শুরুতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও এক মাস পর সেই সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। পরে ২০১২ সালে সেই সাজা কমিয়ে নির্দিষ্ট ৪০ বছরের কারাদণ্ডে রূপান্তর করা হয়।

দীর্ঘ বন্দিজীবনের সময় ব্যক্তিগতভাবেও একাধিক শোকের মুখোমুখি হন তিনি। ২০০৮ সালে কারাগারে থাকা অবস্থায় তার বাবা মারা যান। তার পিতাও এর আগে ইসরাইলের কারাগারে আট বছর বন্দি ছিলেন।

দীর্ঘ কারাবাসের কারণে মাহের ইউনিস ফিলিস্তিনি বন্দিদের অধিকার ও সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেন। তার মৃত্যুতে ফিলিস্তিনি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ