জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার দূতাবাসের উদ্যোগে গান-বাজনা ও পশ্চিমা সংস্কৃতির আদলে মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সোমবার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ ক্ষোভ প্রকাশ করেন।
হেফাজতের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ ভবন কোনো সাধারণ বিনোদন কেন্দ্র কিংবা পার্ক নয়। এটি একটি স্বাধীন-সার্বভৌম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী পবিত্র স্থান এবং কোটি কোটি জনতার জাতীয় মর্যাদার প্রতীক।
বিবৃতিতে বলা হয়, এই মর্যাদাপূর্ণ ভবনের চত্বরে আমেরিকার তথাকথিত স্বাধীনতা দিবস উপলক্ষে গান-বাজনা ও সংস্কৃতির নামে নগ্ন আসর বসানো অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক এবং বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের ওপর চরম আঘাত।
হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, যে আমেরিকান সাম্রাজ্যবাদ বিশ্বজুড়ে মজলুম মুসলমানদের রক্তে হাত রাঙিয়েছে এবং ফিলিস্তিনসহ সারাবিশ্বে মানবাধিকারের চরম লঙ্ঘন করে চলছে, তাদের খুশি করতে বাংলাদেশের হৃদপিণ্ডখ্যাত জাতীয় সংসদ প্রাঙ্গণকে অপসংস্কৃতির উর্বর ভূমিতে পরিণত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, কতিপয় রাজনীতিকের মুখে এই আয়োজনকে ‘গণতান্ত্রিক মূল্যবোধ’ কিংবা ‘সাংস্কৃতিক মেলবন্ধন’ বলে জাস্টিফাই করার নির্লজ্জ চেষ্টা এ দেশের আপামর তৌহিদি জনতার ধর্মীয় চেতনা, দেশপ্রেম ও আত্মমর্যাদাবোধকে চরমভাবে অবমূল্যায়ন করার শামিল।
হেফাজত মহাসচিব আরও বলেন, বাংলাদেশ কোনো পরাশক্তির দাসত্ব করার জন্য স্বাধীন হয়নি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বন্ধুত্বের ছদ্মবেশে কোনো ভিনদেশি এজেন্ডা, আধিপত্যবাদ কিংবা নগ্ন পশ্চিমা অপসংস্কৃতি এ দেশের জনগণের ওপর চাপিয়ে দেওয়ার যেকোনো চক্রান্ত রুখে দেওয়া হবে। একই সঙ্গে জাতীয় সংসদ ভবনের পবিত্রতা রক্ষায় যারা ব্যর্থ হয়েছে, তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।
আল্লামা শায়েখ সাজিদুর রহমান সরকারকে অবিলম্বে এই ধরনের জাতীয় সংবেদনশীল ও পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা করার আহ্বান জানান।
ভবিষ্যতে ভিনদেশি প্রভুদের সন্তুষ্ট করার লক্ষ্যে এমন আত্মঘাতী ও জাতীয় মর্যাদাহানিকর আয়োজন থেকে চিরতরে বিরত থাকারও জোর আহ্বান জানান তিনি।
অন্যথায় এ দেশের তৌহিদি জনতা জাতীয় ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় রাজপথে নামতে বাধ্য হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।










