যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজ্জা উপত্যাকায় হামলা চালিয়ে ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বুধবার (৮ জুলাই) এ হত্যাকাণ্ড চালায় ইসরাইলি বাহিনী।
গাজ্জার চিকিৎসা সূত্রে বরাতে আনাদোলু জানিয়েছে, গাজ্জা সিটির পশ্চিমে একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলা চালালে এক ফিলিস্তিনি নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হন। গাজ্জা সিটির শেখ রাদওয়ান এলাকার আল-উয়ুন স্ট্রিটে বেসামরিক মানুষের একটি জমায়েত লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে এক ফিলিস্তিনি নিহত ও আরও একজন আহত হন।
এ ছাড়া গাজ্জা সিটির দক্ষিণে জেইতুন এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে আহত ছয় বছরের এক শিশু মারা গেছে।
দক্ষিণ গাজ্জার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত বেসামরিক মানুষের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বাবা, তার ছেলে এবং আরেক শিশুও রয়েছে। এ হামলায় আরও ১০ জন আহত হয়েছেন।
আরও একটি চিকিৎসা সূত্র জানায়, দক্ষিণ গাজ্জার রাফাহ এলাকায় ইসরাইলি বাহিনী এক ত্রাণবাহী ট্রাকচালকের মাথায় গুলি করে। পরে তার মরদেহ খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্রগুলো জানায়, নিহত ট্রাকচালকের নাম আহমদ নাসের ইসলিম। ত্রাণ বোঝাইয়ের অপেক্ষায় ট্রাকের ভেতরে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।
চিকিৎসা সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গাজ্জা সিটির সাবরা এলাকায় একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ইসরাইলি হামলা চালানো হয়। ওই হামলায় আহত আট বছরের এক শিশুও পরে মারা গেছে।
এদিকে গাজ্জার সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজ্জা সিটির পশ্চিমে ইসরাইলি গানবোট থেকে চালানো গুলিতে এক নারী আহত হয়েছেন। তবে তার আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
মধ্য গাজ্জায় বুরেইজ শরণার্থীশিবিরের পূর্ব ও দক্ষিণাঞ্চলের দিকে ইসরাইলি সেনাবাহিনী কয়েকটি কামানের গোলা নিক্ষেপ করেছে বলে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রাফাহর উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুর দিকেও ইসরাইলি সামরিক যান থেকে গুলি চালানো হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৮৪ ফিলিস্তিনি নিহত এবং আরও ৩ হাজার ৪৯১ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনীর প্রাণঘাতী হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারের বেশি আহত হয়েছেন। একই সঙ্গে এসব হামলায় গাজ্জাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, যার প্রভাব পড়েছে বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশের ওপর।
সূত্র: আনাদোলু, মিডল ইস্ট মনিটোর










