জাতীয় নাগরিক পার্টি, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে কেবল তার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকরের জন্যই ফিরবেন।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি। ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করেছেন। আমাদের দাবি থাকবে, দেশ তো অলরেডি ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন আমরাও চাই, তিনি দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।’
তিনি বলেন, ‘বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।’
শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে তাকে যতটুকু অনুমতি দেওয়া হয়, সে অনুযায়ী তিনি কথা বলেন। ফলে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কীভাবে আসবেন এবং তার বিচার হবে কি না, এসব মূলত দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে।
তিনি বলেন, ‘শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন কোনো রাজনৈতিক দলই নয়।’
জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত আছেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষার জন্য আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।’
তিনি বলেন, ‘তবে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো ধরনের পাঁয়তারা বা প্রচেষ্টা হলে এবং সরকার সেটিকে প্রশ্রয় দিলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকারই হবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সব পক্ষ, ৩০ হাজার আহত এবং ১ হাজার ৪০০ শহীদ পরিবারের সদস্য, আমরা সবাই প্রস্তুত আছি।’
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নেওয়ার কথা সরকারও ভাবছে। আমরা মনে করি, এটাই সঠিক রাস্তা।
তিনি বলেন, ‘শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গেছে। এখন এটি কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফেরেন, কেবল ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই ফিরবেন। আমরাও চাই, ফাঁসির রায় কার্যকর হোক।’
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা কীভাবে আসবেন, কাদের নিয়ে আসবেন কিংবা আত্মসমর্পণ করবেন কি না, সেটি বাংলাদেশ সরকারকে ঠিক করতে হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে কথা বলবে। এখানে আর কোনো পক্ষ নেই। ফলে সরকারই ঠিক করবে তাকে কখন আনবে, কীভাবে আনবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করবে। সব ধরনের প্রস্তুতি নিয়েই তাকে আনতে হবে।’
অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা বিভিন্ন উদ্যোক্তা অংশ নেন। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উদ্যোক্তারা বক্তব্য দেন।










