spot_img
spot_img

বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা

দেশের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ শনিবার (১১ জুলাই) দুপুরে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে। অপরদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও এ সময়ে সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হলেও ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে এবং সুরমা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

অন্যদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ