spot_img

গণভোট বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরব না: জামায়াত আমীর

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোট বাস্তবায়নের দাবি থেকে তাদের সরিয়ে দিতে বিভিন্নভাবে অনেক কথা বলা হচ্ছে।

তিনি বলেন, জাতিকে তারা কথা দিয়েছেন, লড়াই করে যাবেন। তাদের পরিষ্কার কথা, তারা জাতির সঙ্গে বেইমানি করতে পারবেন না। গণভোট বাস্তবায়নের দাবি থেকে একচুল পরিমাণও সরবেন না।

শনিবার (১১ জুলাই) বিকালে রংপুর জিলা স্কুল মাঠে চার দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আবু সাঈদের রক্তে ভেজা রংপুরে আরেকবার এ অঙ্গীকার ব্যক্ত করে গেলাম। গণভোট বাস্তবায়নে বর্তমান সরকারকে আমরা বাধ্য করব, ইনশাআল্লাহ।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্য এ সমাবেশের আয়োজন করে।

বিগত নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সব দুর্নীতিবাজ এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদের হারিয়ে দিয়েছে।

তিনি বলেন, ঘুঘু তুমি ধান খাও বারবার, ধরা পড়বা একবার। আগামী দিনে এ সুযোগ আর দেবে না জনগণ। তখন ন্যায়-ইনসাফের ভিত্তিতে ১১ দল সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।

জুলাই অভ্যুত্থানের চেতনা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে উত্তেজনা, কৃষকদের অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনদুর্ভোগ ও দুঃখ-দুর্দশার প্রসঙ্গ টেনে জামায়াত আমীর বলেন, যে বৈষম্য দূর করে বাংলাদেশের পচা রাজনীতিকে বিদায় জানিয়ে নতুন বাংলাদেশ করার জন্য সন্তানরা লড়াই করেছিল, সেই নতুন বাংলাদেশ গড়ার জন্যই সংস্কারের উদ্দেশে গণভোট হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের একটি জায়গায় দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন, ভোট দেবেন দুটি। একটি তার দলকে, আরেকটি গণভোটে হ্যাঁ। তিনি প্রথমটা রক্ষা করেছেন। দ্বিতীয়টা রক্ষা করেননি।

সমাবেশে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল, অবসরপ্রাপ্ত, ড. অলি আহমদ, আমার বাংলাদেশ পার্টির, এবি পার্টি, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির, জাগপা, সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, মহানগর জামায়াতে ইসলামীর আমীর এটিএম আজম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, এনসিপির রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ