spot_img

লাল বাসে ঘুরে প্রেম করার জন্য মানুষ আপনাকে প্রধানমন্ত্রী বানায়নি: পাটওয়ারী

বন্যাদুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বরিশালে গেছেন বলে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, জনগণ প্রধানমন্ত্রীকে সংস্কার বাস্তবায়ন, বিচার এবং বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভোট দিয়েছে। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর বদলগাছী ডাকবাংলো মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বন্যায় মানুষ মারা যাচ্ছে, গরু ডুবে যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে গেলেন বরিশালে। এর আগের দিন উনি ঢাকা মেডিকেলে গেলেন, প্রিয় জোবাইদা রহমানের সঙ্গে সেলফি তুলতে।

তিনি বলেন, আপনাকে আমরা ভোট দিয়েছি, প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের সংস্কার বাস্তবায়ন করার জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা-সন্ত্রাসীদের শায়েস্তা করার জন্য, বন্যাদুর্গত এলাকায় যাওয়ার জন্য। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায় নাই।

বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনাদের সন্তানরা, যারা এইচএসসি পরীক্ষার্থী আছে, তারা সাঁতার কেটে গিয়ে পরীক্ষা দিচ্ছে। আহসানুল হক মিলন, আমার এলাকার ভাই, উনি খুব সজ্জন ব্যক্তি, খুব সুন্দর ভাব দেখান। বাংলাদেশের সব মন্ত্রী এমন একটা ভং ধরে থাকেন যে, তিনি সবচেয়ে ভালো লোক।

তিনি আরও বলেন, আপনি যদি ভালো লোক হন, আপনার একটা সন্তান সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে। এইচএসসি পরীক্ষার্থীর সঙ্গে যে মা আছে, বাবা আছে, হাঁটু পরিমাণ পানির রাস্তা দিয়ে যেতে গিয়ে তারা গর্তের মধ্যে পড়ছে। আপনার চোখে লজ্জা-শরম নাই? সরকার যদি এইচএসসি পরীক্ষা একদিন স্থগিত করত বা পরে নিত, তাহলে কি কোনো সমস্যা হতো?’

শিক্ষা প্রতিমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, যিনি শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন, তিনি এসি রুমে বসে না থেকে গিয়ে যদি বলতেন, আমি তোমাদের জন্য নৌকার ব্যবস্থা করে দিচ্ছি অথবা যেখানে পানি, সেখানে সেন্টার না করে অন্য জায়গায় সেন্টার দিয়ে দিচ্ছি, তাহলে বাংলাদেশের শিক্ষার্থীরা সুন্দর একটি ব্যবস্থা পেত।

এনসিপির নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ অন্যরা বক্তব্য দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ