তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর ২৬ দিনে ৮ কোটির বেশি ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি করেছে ইরান।
তেলবাহী ট্যাংকারের চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ট্যাংকারট্র্যাকার্স এ তথ্য জানিয়েছে।
প্ল্যাটফর্মটির তথ্য অনুযায়ী, রপ্তানি করা এসব অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের বর্তমান আনুমানিক মূল্য ৬ বিলিয়ন আমেরিকান ডলার। এ ছাড়া ইরানের প্রায় ৩ কোটি ব্যারেল অপরিশোধিত তেল এখনো পাঠানোর অপেক্ষায় রয়েছে।
ট্যাংকারট্র্যাকার্স আরও জানিয়েছে, ইরানের তেল উৎপাদনের ওপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হলে তেহরান এই অঞ্চলে প্রায় ৬ কোটি ব্যারেল তেল ভাসমানভাবে মজুত রাখার সক্ষমতা ব্যবহার করতে পারবে। তেলের সরবরাহ ব্যবস্থাপনায় এটি সাময়িক সমাধান হিসেবে কাজ করতে পারে।
সাম্প্রতিক মাসগুলোতে ট্যাংকার চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর হিসাব অনুযায়ী, ইরানের তেল রপ্তানি সাধারণত দৈনিক ১৬ লাখ থেকে ১৮ লাখ ব্যারেলের মধ্যে ছিল।
তবে গত ২৬ দিনে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের সম্মিলিত রপ্তানির পরিমাণ দৈনিক গড়ে প্রায় ৩১ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। এ হিসাব ওই সময়ে ইরানের তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যের চালান পাঠানোর গতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার ইঙ্গিত দেয়।
সূত্র: মিডল ইস্ট মনিটোর










