জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের বলা হয় জুলাই ব্যবসায়ী। হ্যাঁ, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব। তবু আমরা তোমাদের মতো টেন্ডারবাজ ব্যবসায়ী হব না।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যার পর বগুড়া মহানগরীর জিরো পয়েন্ট সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, বুট দিয়ে লাথি মারা হয়েছে, কলার চেপে ধরা হয়েছে। এই বাচ্চারা কাল বিশ্ববিদ্যালয়ে গেলে বলবে, আমরা বিএনপিকে চাই না। তখন আপনারা কী করবেন?
এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে টালবাহানা করবেন না। এইচএসসি পরীক্ষার্থীদের বলব, তোমরা ভয় পাবে না।
তিনি বলেন, ১৭ বছর দেশে নারীদের স্বাধীনতা ছিল না। বগুড়ার মানুষ হওয়ায় অনেকে চাকরি পাননি। এখানকার ছেলেরা মেধাবী, কিন্তু বগুড়ার মানুষ হওয়ায়, ফেনীর মানুষ হওয়ায় চাকরি পাননি।
বিএনপিকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গতকাল আমাদের অবাঞ্ছিত বলা হয়েছে। এই অবাঞ্ছিতদের আমরাই বাংলাদেশে নিয়ে এসেছি। এখন তারাই আমাদের অবাঞ্ছিত বলছে। ভাগ্যের কী নির্মম পরিহাস।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইজাজ আল ওয়াসী জ্বীম, যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী এবং জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদসহ অন্যরা।










