spot_img

সেনাবাহিনী নিয়ে বক্তব্য, মাওলানা ফজলুর রহমানকে আদালতে তলব

পাকিস্তানের সেনাবাহিনী ও নিহত সেনাসদস্যদের নিয়ে দেওয়া বক্তব্যের ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমানকে আদালতে তলব করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি ও এক্সপ্রেস উর্দু জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) পাঞ্জাবের গুজরানওয়ালার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফয়সাল জামিল তাকে আগামী ২৮ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন মঞ্জুর কাদির ভান্ডার। আবেদনে দাবি করা হয়, মাওলানা ফজলুর রহমান তার বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন এবং নিহত সেনাসদস্যদের আত্মত্যাগকে উপহাস করেছেন।

আবেদনকারী মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ জানান। আবেদনটি আমলে নিয়ে আদালত তাকে আগামী ২৮ জুলাই হাজির হওয়ার নির্দেশ দেন।

এদিকে একই বক্তব্যের ঘটনায় লাহোরের একটি দায়রা আদালতেও মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ চেয়ে পৃথক আবেদন করা হয়েছে।

ওই আবেদনে মুহাম্মদ ওয়াকার নামে এক ব্যক্তি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মাওলানা ফজলুর রহমানের বক্তব্য দেখে তার এবং সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। বক্তব্যটির মাধ্যমে নিহত সেনাসদস্যদের পরিবারের সদস্যদেরও কষ্ট দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আবেদনের শুনানি শেষে লাহোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মালিক লতিফ পাকিস্তানের জাতীয় সাইবার অপরাধ তদন্ত সংস্থার পরিচালকের কাছে লিখিত জবাব চেয়েছেন। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেছেন।

সূত্র: সামা টিভি ও এক্সপ্রেস উর্দু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ