বাংলাদেশে টানা ১৭ বছর জুলুম করেও শেখ হাসিনা ও তার সরকার টিকতে পারেনি উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এমপি বলেছেন, যারা গণমাধ্যমে এসে জুলাইয়ের বিপক্ষে এবং হাসিনার জুলুমের পক্ষে বয়ান উৎপাদন করবে, তারাও বাংলাদেশে টিকতে পারবে না।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টায় রংপুরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
আখতার হোসেন বলেন, “আজ বাংলাদেশের নতুন জীবনের সূচনা হওয়ার দিন। দুই বছর আগে আজকের এই দিনে আবু সাঈদ জীবন দিয়েছিলেন। তার আত্মত্যাগের কারণেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু সেই বাংলাদেশ অনেকের পছন্দ হয় না।”
তিনি অভিযোগ করে বলেন, “অনেকে গণমাধ্যমে গিয়ে মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক কিংবা চিত্র অভিনেতা সেজে জুলাইয়ের বিপক্ষে অবস্থান নেয়। জুলাইয়ের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ তাদের ভালো লাগে না। তাদের ভালো লাগে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন।”
আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন যেসব গণমাধ্যম, সুশীল সমাজ ও চিত্রকর্মীর ভালো লাগে, তাদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশ ৫ আগস্টের আগের বাংলাদেশ নয়। এটি নতুন বাংলাদেশ।”
তিনি আরও বলেন, “এই বাংলাদেশে ১৭ বছর ধরে হাসিনা জুলুম করেছে। তারা টিকতে পারেনি। যারা গণমাধ্যমে এসে জুলাইয়ের বিপক্ষে এবং হাসিনার জুলুমের পক্ষে বয়ান উৎপাদন করে, তারাও বাংলাদেশে টিকতে পারবে না।”
সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কৃষ্ণ রঞ্জন বর্মনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মহানগর সদস্যসচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলমগীর নয়ন, জেলা যুবশক্তির আহ্বায়ক রাকিবুল তৌফিক, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তাসিন এবং মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে পদযাত্রা করে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। সমাবেশে কৃষ্ণ রঞ্জন বর্মনকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবেও ঘোষণা করা হয়।










