পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে তেহরিকে তালেবান পাকিস্তানের (টিটিপি) ২৪ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
শুক্রবার (১৭ জুলাই) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ দাবি জানায়।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি বান্নু জেলায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং গাড়িবোমা ব্যবহার করে আত্মঘাতী হামলার ঘটনা বেড়েছে। এসব হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, এসব হামলার পরিপ্রেক্ষিতে হামলাকারী এবং তাদের সহযোগী অবকাঠামো নির্মূল করতে বান্নু জেলা ও আশপাশের এলাকায় যৌথ গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান শুরু করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
আইএসপিআর দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলিতে টিটিপির ২৪ সশস্ত্র সদস্য নিহত হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবিও করেছে সংস্থাটি।
পাকিস্তান সেনাবাহিনীর দাবি, নিহতরা একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বেসামরিক নাগরিক হত্যার সঙ্গে জড়িত ছিল।
সূত্র: ডন ও জিও নিউজ











