spot_img

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি: নাহিদ ইসলাম

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, বিএনপি এখন তাদের ৩১ দফা ভুলে গেছে। তারা ‘নোট অব ডিসেন্টের জুলাই সনদ’-এর কথা বলছে। নোট অব ডিসেন্টের প্রতারণা বাদ দিয়ে গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন হতে হবে।

রোববার (২০ জুলাই) রাজধানীর উত্তরায় জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বীরত্ব ও আত্মত্যাগের স্মরণে মীর মুগ্ধ মঞ্চে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, চব্বিশের ১৯ জুলাই আমাকে গুম করা হয়। বহু মানুষকে সেদিন গুম করে হাসিনার বাহিনী। দুই বছর পর আমাদের একটাই চাওয়া, স্বৈরাচার ও তাদের দোসরদের বিচার। বিচার না হলে আবারও স্বৈরাচার তৈরি হবে।

এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত অনুষ্ঠানে উত্তরার শহিদ পরিবারের সদস্য ও জুলাইয়ে আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।

গণ-অভ্যুত্থানে উত্তরার ভূমিকা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, উত্তরা গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান দুর্গ ছিল। ছত্রিশ জুলাই উত্তরা থেকে গণভবনমুখী ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল। একদিকে উত্তরা এবং অন্যদিকে যাত্রাবাড়ী থেকে মার্চ ফর গণভবন শুরু হয়। যে কারণে হাসিনা পালাতে বাধ্য হয়। আমরা উত্তরাকে কখনো ভুলে যাব না।

আওয়ামী লীগের পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘যারা পালিয়ে যায়, তারা আর ফেরত আসে না। সাহস থাকলে পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতে পারত। যদি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হয়, এই উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে।

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহিদ জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেল এবং জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ