বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়নের প্রতিবাদে কালো পোশাক পরে ভারতের সংসদ চত্বরে বিক্ষোভ করেছে বিরোধী জোট। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে বিক্ষোভ করেন বিরোধী নেতারা।
বুধবার (২২ জুলাই) কংগ্রেসের সংসদ সদস্যরা কালো পোশাক পরে সংসদে হাজির হন। পরে তারা সংসদের গেটের বাইরে বিক্ষোভ করেন।
কংগ্রেসের সংসদ সদস্যদের সঙ্গে বিরোধী জোটের আরও কয়েকটি দলের সংসদ সদস্যও বিক্ষোভে যোগ দেন। এ সময় তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।
সরকারবিরোধী এ প্রতিবাদে অংশ নিতে সমাজবাদী পার্টির সংসদ সদস্যরা কালো স্কার্ফ পরে সংসদে আসেন। এর আগে দলটির প্রধান অখিলেশ যাদব প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভে যোগ দিয়েছিলেন। পরে কংগ্রেস নেতাদের সঙ্গে তাকেও আটক করা হয়।
বিরোধী নেতাদের দাবি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সোমবার রাজধানীতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনা নিয়ে সংসদে আলোচনা করতে হবে।
এ সময় বিরোধী নেতারা সংসদের গেটের সামনে জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে স্লোগান দেন।
কংগ্রেসের সংসদ সদস্য পবন খেরা সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘প্রথমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, তারপর আলোচনা হবে। এত ছাত্রের ওপর লাঠিচার্জের পর এখন কী আলোচনা হবে? ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করা উচিত।’
সূত্র: এনডিটিভি










