spot_img

আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি। এ স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা জুলাই আন্দোলন করেছিলাম। পরবর্তী সময়ে রাজনৈতিক দল গঠন করেছি। আপনাদের কথা দিচ্ছি, অধিকার আদায়ে এনসিপি রাজপথে থাকবে এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হবে।”

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে এনসিপি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে, যার কাছ থেকে সেবা পেতে জনগণের কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন হবে না। অর্থের বিনিময়েও কোনো সেবা নিতে হবে না।

তিনি বলেন, “যারা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চায়, এনসিপি তাদেরই মনোনয়ন দেবে।”

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিতে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট জেলা সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেলের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতু, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহসান এবং এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ