spot_img

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত, আহত ১

বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের একটি বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই দিন ক্যাম্পে অবস্থানরত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের কয়েকজন সদস্যের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে সেখানে গুলির ঘটনা ঘটে।

রাজশাহী সীমান্তের বিপরীতে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগরে বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর অবস্থিত। বৃহস্পতিবার দুপুরে দুই ব্যাটালিয়নের কয়েকজন সদস্য বিবাদে জড়িয়ে পড়েন।

এরপর সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে ১১৯ নম্বর ব্যাটালিয়নের সদস্য শিবম মিশ্রের বিরুদ্ধে। ছত্তিশগড়ের বাসিন্দা শিবমের গুলিতে ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই সদস্য নিহত এবং একজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন ৫১ বছর বয়সী অজয় কুমার সিং এবং ৩৭ বছর বয়সী আম্বদর সুরেশ দরগু। গুরুতর আহত বিকাশ ব্রম্মকে (৪৪) মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুই বিএসএফ সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বিএসএফ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সদস্যরা বিশ্রাম নেওয়ার সময় গুলির ঘটনা ঘটে।

অভিযুক্ত শিবম মিশ্রের বিরুদ্ধে এক বছর আগেও সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় বিএসএফের নিজস্ব আইনে তাকে শাস্তি দেওয়া হয়। কয়েক দিন আগে তার শাস্তির মেয়াদ শেষ হয়।

সম্প্রতি শিবমকে বাড়িতে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছিল। এর মধ্যেই আবার তার বিরুদ্ধে সহকর্মীদের গুলি করার অভিযোগ উঠল।

ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

বিএসএফের মালদহ সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, বিএসএফের পক্ষ থেকেও ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত শিবম মিশ্রকে আটক করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ