সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মঞ্চের ভারপ্রাপ্ত মুখপাত্র আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাহ উদ্দিন আম্মারসহ ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সমাপনী বক্তব্যে আবদুল্লাহ আল জাবের বলেন, “শেখ হাসিনার গুম-খুনকে বৈধতা দিয়েছেন সাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু ৫ আগস্টের পর তাকে অপসারণ ও বিচারের দাবি জানানো হলেও বিএনপি সরকার তা অগ্রাহ্য করেছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই, গণহত্যার সহায়তাকারী হিসেবে তার বিচার করা হোক। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”










