সরকারের উদ্দেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেমন জনগণ ক্ষমতা থেকে সরিয়েছে, তেমনি বর্তমান সরকারও ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে যারা সরকার পরিচালনা করছেন, তারাও একসময় নির্যাতিত ছিলেন। কিন্তু এখন তারা সেই অভিজ্ঞতা ভুলে গিয়ে আওয়ামী লীগের শাসনব্যবস্থার পথেই হাঁটছেন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও দুর্নীতির বিস্তার ঘটছে।
তিনি বলেন, আমরা আমাদের শহীদদের সঙ্গে বেইমানি করব না। জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করব না। ১৮ কোটি মানুষের সঙ্গে বেইমানি করব না।
তিনি আরও বলেন, পরিবর্তন ও সংস্কারের পক্ষে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ মত দিয়েছেন। সেই গণরায় বাস্তবায়ন না হলে জনগণের আকাঙ্ক্ষাকে অসম্মান করা হবে। তিনি বলেন, আমরা গণভোটকে অপমান করতে দেব না। গণভোটের গণরায় বাস্তবায়নের মধ্য দিয়েই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ চাই না।
সরকারের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, আওয়ামী লীগের পথ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করলে জনগণ তা মেনে নেবে না। তিনি বলেন, শেখ হাসিনাকে জনগণ বিদায় করেছে। যদি আপনারাও ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে জনগণ আপনাদেরও ছাড় দেবে না।










