ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ‘তেল’ গ্রামে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনার পর এক ফিলিস্তিনি বসতি স্থাপনকারীদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে দুই ইসরাইলি সেনাকে হত্যা করেন।
এ সংঘাতের পর শুক্রবার (২৪ জুলাই) রাতভর পশ্চিম তীরজুড়ে ব্যাপক তাণ্ডব ও হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। অভিযানের নামে বিভিন্ন এলাকা থেকে ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের অজুহাতে আরও কয়েক শ সাধারণ মানুষকে চরম হেনস্তা করা হয়েছে বলেও জানা গেছে।
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, আটক ব্যক্তিরা আন্তর্জাতিক কিংবা স্থানীয়ভাবে ‘ওয়ান্টেড’ ছিলেন। তাদের সঙ্গে ফিলিস্তিনভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসসহ অন্যান্য সংগঠনের প্রত্যক্ষ সংযোগ রয়েছে।
দখলদার বাহিনী আরও জানিয়েছে, তেল গ্রামে অবৈধ বসতি স্থাপনকারীদের রক্তক্ষয়ী হামলার পর সেখান থেকে ১১ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৮০ জনের বেশি মানুষকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
অন্যদিকে, পশ্চিম তীরের জেনিন এলাকায় তিন শতাধিক স্থানে একযোগে অভিযান চালায় ইসরাইলি সেনারা। সেখান থেকেও বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়।
ইসরাইলি বাহিনীর দাবি, আটক ব্যক্তিরা বিস্ফোরক দিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো বাস্তব প্রমাণ বা তথ্য প্রকাশ করেনি দখলদার বাহিনী।
সূত্র: দ্য টাইমস অব ইসরাইল










