spot_img

ফিলিস্তিনে মসজিদে আগুন দিল ইসরাইলিরা

অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে আগুন দিয়েছে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীরা। রাতের আঁধারে মসজিদটিতে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, নাবলুসের দক্ষিণে অবস্থিত কুসরা গ্রামে রাতের আঁধারে ইসরাইলি বসতি স্থাপনকারীরা একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় ‘বেনায়াহুর প্রতিশোধ’ লেখা গ্রাফিতি, ডেভিডের তারকা এবং আরও কিছু বার্তা স্প্রে-পেইন্ট করা হয়।

তবে অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, হাভাত গিলাদ বসতির বেসামরিক নিরাপত্তা দলের সদস্য বেনায়াহু মেলেতের মৃত্যুর প্রতিশোধ নিতেই এই ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার ফিলিস্তিনি গ্রাম তেলে ইসরাইলি সেনাবাহিনীর এক কমান্ডারের সঙ্গে তিনিও গুলিতে নিহত হন।

ওই সময় গ্রামবাসীদের সঙ্গে একদল ইসরাইলির সংঘর্ষ চলছিল। দলটির মধ্যে সশস্ত্র ব্যক্তি ও অপ্রাপ্তবয়স্করাও ছিল। সংঘর্ষের একপর্যায়ে মেলেতের রাইফেল তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এলাকাটিতে প্রবেশের আগে ওই ইসরাইলিরা সেনাবাহিনীর সঙ্গে কোনো সমন্বয় করেনি। এলাকাটি ইসরাইলিদের প্রবেশের জন্য নিষিদ্ধ ছিল।

অন্যদিকে ফিলিস্তিনিদের দাবি, প্রাণঘাতী সংঘর্ষের আগে ইসরাইলিরাই গ্রামটিতে হামলা চালিয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ