spot_img

জাতিসংঘে ভাষণ দিতে ২১ সেপ্টেম্বর আমেরিকায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আসন্ন নিউ ইয়র্ক সফরের প্রস্তুতি শুরু হয়েছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম নিউ ইয়র্ক সফর। প্রধানমন্ত্রী হিসেবেও প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। অধিবেশনের ফাঁকে কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে তার বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীর এবারের নিউ ইয়র্ক সফর হবে অত্যন্ত সংক্ষিপ্ত। তিনি সেখানে মাত্র চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন। আগামী ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর তার নিউ ইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে।

সীমিতসংখ্যক সফরসঙ্গী নিয়ে নিউ ইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ