আগামী সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ‘ইঞ্জিনিয়ারিং’ শুরু করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, নির্বাচন কমিশনে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ের ব্যক্তিকে বসানো হলে নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হবে।
রোববার (২৬ জুলাই) রাতে ময়মনসিংহের ভালুকায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা খুব ভালো করেই বুঝে গিয়েছি, তারেক রহমানকে দিয়ে বাংলাদেশের পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয়। আমি আপনাদের লিখে দিয়ে গেলাম। আজকে এই কথা, ছয় মাস পরে আপনারা আমাদের খুঁজবেন।’
তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসনের কঠোর সমালোচনা করে এনসিপির এই নেতা দাবি করেন, বিএনপির ছত্রছায়ায় অসংখ্য ‘খারাপ লোক’ বিভিন্ন সুবিধা বাগিয়ে নিচ্ছে। এমন ব্যক্তিদের উপজেলা প্রশাসনের মতো স্পর্শকাতর জায়গায় গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। ফলে স্থানীয় সাধারণ মানুষ উপজেলা প্রশাসনে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
ভালুকার মানুষের ভাগ্য পরিবর্তনের প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্থানীয় মানুষের ভবিষ্যৎ কোনো রাজনৈতিক নেতার ওপর ছেড়ে দেওয়া যাবে না। নিজের সন্তানের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিজেদেরই নিতে হবে।
এ সময় এলাকা থেকে সব ধরনের সামাজিক অনাচার দূর করার আহ্বান জানান তিনি। ভালুকায় মাদক, জুয়া, চোরাচালান ও বেপরোয়া চাঁদাবাজির বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিও জানান এনসিপির এই নেতা।
তিনি বলেন, ‘যদি সংস্কার বাস্তবায়িত না হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হয় এবং জুলাই বিপ্লবে শহিদ ১৪শ আত্মদানকারীর রক্তের সঙ্গে বেঈমানি করা হয়, তবে তারেক রহমানের সরকারকে পালাতে বাধ্য করতে এনসিপি রাজপথে এক সেকেন্ডও অপেক্ষা করবে না।’










