প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, পদে থাকার সময় রাষ্ট্রপতি আইনের মুখোমুখি হবেন না। কিন্তু তার আগে-পরে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ডসমূহ সম্বন্ধে জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দায়মুক্তি দেওয়া হয়েছে কি না, এমন এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, ‘দায়মুক্তির ব্যাপারটি নিয়ে একটু বিভ্রান্তি আছে। বাংলাদেশের একজন মানুষ (রাষ্ট্রপতি) তার পদে থাকার সময়ে কোনো আইনের মুখোমুখি হবেন না। তিনি পদে থাকার আগে-পরে যদি কোনো রকম মিসকন্ডাক্ট থাকে, সেটি এই রাষ্ট্রপতির (সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহা্বুদ্দিন) কথা বলছি না, যেকোনো রাষ্ট্রপতি সেগুলোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া যাবে।’










