ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে জব্দ করা প্রায় ৩৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়। বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ১৭ হাজার ৩১১ কেজি গাঁজা, ১ লাখ ৩৫ হাজার ১৮৫টি ইয়াবা ট্যাবলেট, ৪০ হাজার ৯৬৪ বোতল ভারতীয় হুইস্কি, ২৫ হাজার ২৭ বোতল এসকাফ সিরাপ, ১০ হাজার ২৯৪ বোতল ফেন্সিডিল, ৯ হাজার ১৪৫ ক্যান ও বোতল বিয়ার, বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকজাত ট্যাবলেট এবং ৩০ হাজার ৫০ প্যাকেট সিগারেট। জব্দ করা এসব মাদকের মোট আনুমানিক সিজার মূল্য ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ২১৫ টাকা।
বিজিবি জানায়, ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে এসব মাদক জব্দ করা এসব।
মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদক দেশের যুবসমাজ, পরিবার ও সামাজিক স্থিতিশীলতার জন্য অন্যতম বড় হুমকি। মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সীমান্তে মাদক পাচার প্রতিরোধের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য আন্ত সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ পেশাদারি, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।










