হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ছাত্রদল ও যুবদলের ‘সন্ত্রাসী বাহিনী’ আক্রমণ করেছে বলে অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে সারজিস আলম এ অভিযোগ করেন।
সারজিস আলম বলেন, হামলাকারীরা ক্যামেরা ও ফোন ছিনিয়ে নিয়ে গেছে। এম নকিএকজন কর্মীর চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। জেলা সেক্রেটারি এক কর্মীকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছেন।
তিনি বলেন, আহত সাত-আটজন ভাইকে নিয়ে যখন সদর হাসপাতালের দিকে চিকিৎসার জন্য যাওয়া হচ্ছিল, তখন হাসপাতালের গেটে পুনরায় আক্রমণ করে তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়।
তিনি আরও বলেন, হামলার সময় পুলিশ সামনে থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরং দাঁড়িয়ে থেকে নাটক দেখেছে।
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় মঙ্গলবার বিকেলে হামলার ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করে এনসিপি। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। আহত হন এনসিপির অন্তত ১০ নেতাকর্মী। মঙ্গলবার বিকেলে জেলা শহরের সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।










