২০২৪ সালের ১ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামিকে নিষিদ্ধ করার তিন দিনের মাথায় গণআন্দোলনের মুখে তৎকালীন সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, বলে মন্তব্য করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ২০২৪ সালের ৩১ জুলাই তৎকালীন সরকার জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়, যা পরদিন ১ আগস্ট কার্যকর করা হয়। ওই সিদ্ধান্ত ছিল অন্যায় এবং দলটি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তা প্রত্যাখ্যান করে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীর বলেন, নিষিদ্ধের সিদ্ধান্তের পর দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আন্দোলনরত জনগণের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়েছিল। তার দাবি, জনগণ সেই আহ্বানে ব্যাপক সাড়া দেয় এবং এর ধারাবাহিকতায় মাত্র তিন দিনের ব্যবধানে সরকার ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়। ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করে ৫ আগস্ট দুপুরে রান্না ভাত ফেলে তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়, বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, তৎকালীন সরকার মনে করেছিল দমন-পীড়ন, নির্যাতন ও বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন দমন করা সম্ভব হবে। তবে জনগণের প্রতিরোধের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না। অন্যায় ও অবিচারের পরিণতি একসময় ভোগ করতেই হয়।










