জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, দল ও দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এভাবে চলতে থাকলে সরকার পূর্ণ মেয়াদ শেষ করতে পারবে না।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন এনসিপি কর্মী আলীফকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। হবিগঞ্জে হামলায় আলীফ একটি চোখ হারিয়েছেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর প্রকাশ্য দিবালোকে হামলা হলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেশে আইনের শাসন ও জননিরাপত্তা পরিস্থিতিরও অবনতি হয়েছে।
সরকারের বিরুদ্ধে বিরোধী মত দমনের অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সম্ভব নয়।
এ সময় বিদ্যুৎ উৎপাদন ও যানবাহনে ব্যবহৃত সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়াতে পেট্রোবাংলার উদ্যোগেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভর্তুকির চাপ কমানোর কথা বলে সিএনজির দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হলে পেট্রোবাংলার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।










