শেখ মুজিবুর রহমানের সরকারের সময় থেকেই আলেম সমাজ ও মাদরাসা শিক্ষাকে অবহেলা ও অবমূল্যায়ন শুরু বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) যুগ্ম আহ্বায়ক ড. মাহমুদুর রহমান।
তিনি বলেন, মাদরাসাকে অবহেলা করার পরম্পরা শেখ মুজিবুর রহমানের সরকারের সময় থেকেই শুরু হয়েছে। শেখ মুজিব যখন বললেন ইসলামের নামে সমস্ত রাজনীতি নিষিদ্ধ, তখন থেকেই শুরু হয় বাংলাদেশে আলেম সমাজ এবং মাদরাসা শিক্ষাকে অবমূল্যায়ন করার ইতিহাস।
রোববার (২ আগষ্ট) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্র সংসদ কতৃক আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা : ছাত্র-শিক্ষকদের অবদান ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, মাদরাসার ছেলেদের যে অবদান, সেটা স্বীকার করতে আমাদের সমাজে এক রকম কুণ্ঠা আছে, জুলাই বিপ্লবে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে যারা ভূমিকা রেখেছেন, আমরা তাদের নামগুলো পত্রিকায় খুব একটা দেখি না। অন্য প্রতিষ্ঠানের নামগুলো যত দেখি, কাহিনি যতটা পড়ি, মাদরাসার ছাত্র-শিক্ষকদেরটা সেভাবে পড়ি না। আমাদের দৃষ্টিতে সব শহীদের একই মর্যাদা, একই সম্মান। আমাদের দেশে মাদরাসা ছাত্রদের প্রতি বৈষম্য সে স্বাধীনতার পর থেকেই করা হচ্ছে।
তিনি বলেন, সমাজে আলেমদের ছোট করে দেখার কালচারের প্রমাণ শাপলা চত্বরে দেখতে পেয়েছি, শাপলা চত্বরের গণহত্যার পর সমাজে প্রতিবাদ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। কারণ সেখানে মাদরাসার ছেলেদের হত্যা করা হয়েছে। গ্রাম থেকে আসা দরিদ্র পরিবারের ছেলেদের হত্যা করা হয়েছে। সেজন্য এটা তাদের মানসিকতাকে আহত করেনি।
তিনি আরো বলেন, এ থেকে আমাদের বুঝতে হবে, মাদরাসার ছাত্র-শিক্ষকদের যেটা প্রাপ্য সম্মান, সেটা আদায় করে নিতে হবে। কোনো রাষ্ট্র কিংবা বর্তমান রাষ্ট্রব্যবস্থা সে সম্মান আপনাদের কখনো দেবে না। মাদরাসার ছাত্র-শিক্ষকদের জ্ঞানবিজ্ঞানে এগিয়ে যেতে হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।










