ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক একদিনে গাজ্জায় ১৯ জন ফিলিস্তিনিকে হত্যার ঘটনায় কড়া হুঁশিয়ারি ও তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।
রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, গাজ্জায় ইসরাইলের সাম্প্রতিক হামলা আবারো প্রমাণ করেছে যে, ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি স্থাপনের বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কোনো আগ্রহ নেই।
বিবৃতিতে বলা হয়, ‘নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য ফিলিস্তিনিদের তাদের নিজভূমি থেকে উচ্ছেদ করা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা ঠেকিয়ে রাখা।’
এতে আরো বলা হয়, নেতানিয়াহু এমন সব পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছেন যা মধ্যপ্রাচ্যের নাজুক আঞ্চলিক ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে এবং বিশেষ করে আমেরিকার নেতৃত্বে চলমান মধ্যস্থতা প্রচেষ্টাকে ব্যাহত করছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘নেতানিয়াহুর সম্প্রসারণবাদী ও সামরিক নীতির বিরুদ্ধে আরো দৃঢ়, ধারাবাহিক ও কার্যকর অবস্থান নেওয়া এখন সময়ের দাবি।’ একই সঙ্গে মানবিক মূল্যবোধ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বানও জানানো হয়েছে।
এদিকে, বোর্ড অব পিসের প্রধান দূত নিকোলাই ম্লাদেনভ জানান, গত দুই দিনে গাজ্জাজুড়ে ইসরাইলি হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং জরুরি চিকিৎসাসামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রোববার অন্তত ১৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো কয়েকজন।










