আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষায় ইসলামিক মূল্যবোধের ঘাটতি রয়েছে, আবার ইসলামিক শিক্ষায় আধুনিক জ্ঞান ও দক্ষতার অভাব দেখা যায়। এর ফলে ইসলামিক শিক্ষায় শিক্ষিত অনেকের সমাজে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সীমিত হয়ে পড়ে। তাই সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বিত একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওয়াকার-উজ-জামান বলেন, আজ যদি আমরা শিক্ষাব্যবস্থাকে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে আগামী ৩০ বছর পর একটি সুস্থ, আদর্শ ও নৈতিক জাতি উপহার দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, নবপ্রতিষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের মূল লক্ষ্য হলো ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতায় সমৃদ্ধ করবে। তিনি জানান, প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম বিভাগ ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করে পরিচালিত হবে।
তিনি আরও, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
সেনাপ্রধান আশা প্রকাশ করেন, মূল্যবোধভিত্তিক এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, সময়ের প্রয়োজন বিবেচনায় রেখেই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।










