গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীসহ সারাদেশে সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদেও কর্মসূচি দিয়েছে তারা।
বুধবার (৫ আগস্ট) সকালের ভাগে দেশজুড়ে মিছিল ও সমাবেশ করে পরদিন বৃহস্পতিবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাতে ১১ দলীয় ঐক্য শীর্ষ নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
এতে বলা হয়, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মিন্টো রোডে তার বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে কর্মসূচি ও জোটের কার্যক্রম নিয়ে আলোচনা করেন নেতারা।
সভার সিদ্ধান্তের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারাদেশের মহানগর, জেলা, উপজেলায় গণমিছিল করা হবে। কেন্দ্রীয় কর্মসূচি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সকাল সাড়ে ১০টায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এই কর্মসূচি থেকে পরবর্তী নতুন কর্মসূচি জানানো হবে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসাইন ও এলডিপির মহাসচিব বেলাল হোসেন সিরাজী।










