সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের ব্যর্থতা এবং ক্ষমতার অপব্যবহারের কারণেই দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব রাশেদ খাঁন।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও জুলাই গণহত্যার বিচারে ব্যর্থ হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত থাকায় সাবেক উপদেষ্টারা জনগণের আস্থা হারিয়েছেন। আর এ কারণেই দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এনেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর দক্ষিণখানের মধুবাগ গণকবরস্থানে জুলাই আন্দোলনের বীর শহিদ গোলাম নাফিজের কবর জিয়ারত শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তী সরকার সুদীর্ঘ ১৮ মাস ক্ষমতায় থেকে গণহত্যার বিচার কিংবা রাষ্ট্র মেরামতের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, ক্ষমতায় থাকার সময় কেন তারা অপরাধীদের বিচার নিশ্চিত করতে পারলেন না? ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক সরকার সংস্কারের নামে দীর্ঘ সময় নিলেও বাস্তবে সুশাসন ও বিচার নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ক্ষমতার পদে থেকেই তারা নতুন রাজনৈতিক দল গঠন, মন্ত্রণালয়গুলোতে একক প্রভাব বিস্তার এবং ডিসি নিয়োগ কেন্দ্রিক কেলেঙ্কারি দেশের মানুষকে ক্ষুব্ধ করেছিল। এছাড়া সমন্বয়ক পরিচয়ে সাবেক ক্ষমতাসীন দলের এমপিদের বাসায় গিয়ে চাঁদা দাবি ও এনসিটিবি কেলেঙ্কারির মতো ঘটনাও ঘটেছিল, যার পরিণতিতে তৎকালীন সরকারের সার্বিক ভাবমূর্তি বিনষ্ট হয়।
তিনি আরও বলেন, যখনই দেশে চরম সংকট তৈরি হয়েছে, তখনই বিএনপি হাল ধরেছে। সংস্কারের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘ ১৮ মাস সময় দেওয়া হলেও তারা কার্যকর পরিবর্তন আনতে পারেনি। ফলে জনগণ বুঝেছে, এই ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থাকে পুনর্গঠন ও স্থিতিশীল করার জন্য বিএনপির বিকল্প নেই। সেই আস্থার জায়গা থেকেই দেশবাসী বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে সরকার গঠনের সুযোগ দিয়েছে।










