চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি এবিএম নিজামুল হক মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম. জামাল উদ্দিন এবং ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশন জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলাটি দীর্ঘদিন ধরে তদন্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষ হওয়ার পর সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদনটি দাখিল করেন।
বর্তমানে তদন্ত প্রতিবেদনটি যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। এ প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।










