জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ওলামায়ে কেরামকে শুধু মসজিদের ইমামতি করলেই চলবে না, তাদের জাতির ইমামতির দায়িত্বও নিতে হবে।
তিনি বলেন, ওলামায়ে কেরাম সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র পরিচালনার ইমামতির জিম্মাদারি নিলে আমরা তাদের নেতৃত্বে কাজ করতে প্রস্তুত রয়েছি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর পুরানা পল্টনের ডিসিসি হলে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত ‘রক্তাক্ত জুলাই: প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা সরকারের শত্রু নই, বন্ধু। আমরা যেসব কথাবার্তা বলি, তা সরকারকে সতর্ক ও সহযোগিতা করার জন্য, বিরোধিতার জন্য নয়।
তিনি আরও বলেন, দেশ গড়ার লক্ষ্যে দেওবন্দি, আহলে হাদিস, সুন্নি ও জামায়াতসহ সবাই কয়েকটি মৌলিক বিষয়ের ওপর ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আবু জাফর কাসেমী বলেন, আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করে কোনো কিছুই পাইনি। এমনকি বাকস্বাধীনতাও পাইনি। সরকারের উচিত জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা আবুল কাসেম কাসেমী, আলী মাকসুদ খান মামুন ও রফিকুল ইসলাম বাবুল প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ প্রধান বলেন, দেশে আজ বাকস্বাধীনতাটুকুও নেই। এর প্রমাণ নাসীরুদ্দীন পাটওয়ারীদের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলা। সরকার জুলাই সনদ নয়, নিজেদের নোট বাস্তবায়ন করতেই ব্যস্ত। সবাই বলে অভ্যুত্থান, আমি বলি অভ্যুত্থান নয়, সামনে আসবে বিপ্লব।
বক্তারা বলেন, আমরা দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করে কিছুই পাইনি। সামনে কিছু পাব বলে আশাও রাখতে পারি না। দেশে তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়ে গেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।
তারা আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ সব অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।










