বর্তমান বিরোধী দলের নেতারা যে ভাষায় কথা বলছেন, একই ভাষায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কথা বলতেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এখন বিরোধী দলের নেতারা বলছেন, ‘পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেবো না।’ ঠিক এমন কথাই বলতেন শেখ হাসিনাও।
সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “১৯৯১ সালে আওয়ামী লীগ বলেছিল, সরকারকে একটি মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবো না। ঠিক একই ভাষায় কথা বলতে শুরু করেছেন বর্তমান বিরোধী দলের নেতারা।”
বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বলে ভুল বোঝানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে। জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিএনপি যেখানে একমত নয়, সেখানে নিজেদের অবস্থান জানিয়েছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বিএনপি বাস্তবায়ন করবে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রাজপথে বিরোধী দলের নেতারা যে ভাষায় কথা বলছেন, সেটি ঠিক নয়। রাজপথে আন্দোলন করা তাদের অধিকার। কিন্তু সেই আন্দোলন যেন সংঘাতের দিকে না যায়।
সংশোধন কমিটি হবে নাকি সংস্কার পরিষদ গঠন করা হবে, সে বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
বিভিন্ন স্থানে হামলার ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।
এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। গণতান্ত্রিক সংস্কৃতির ধারা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চায় বিএনপি।
তিনি আরও বলেন, কার্যকর সংসদ এবং গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক বিতর্ক হলে শহীদদের আত্মত্যাগ সফল হবে।










