spot_img

এনসিপিতে জামায়াতে ইসলামীর কৌশলগত প্রভাব রয়েছে: নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সহায়তা ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিকভাবে দাঁড়াতে পারত না। দলটির ওপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কৌশলগত প্রভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির কঠোর সমালোচনা করে নুর বলেন, “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল টিকে না। এনসিপির পরিণতিও ফ্রিডম পার্টির মতো হবে।”

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ আয়োজিত ‘৬ আগস্ট: জুলাই কারাবন্দিদের মুক্তি দিবস’ শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশের মাধ্যমে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে জামায়াতে ইসলামী।

শেখ হাসিনার পতন ও জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার পতন কিংবা জুলাই গণঅভ্যুত্থান হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে বহু মানুষের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগ রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল। কোটা সংস্কার আন্দোলন প্রায় নয় মাস ধরে চলেছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ডাকসু নির্বাচন, মোদিবিরোধী আন্দোলন ও একতরফা নির্বাচন বর্জনের কর্মসূচিসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে ছাত্র-যুবকদের সম্পৃক্ততা বজায় ছিল।

তিনি বলেন, আন্দোলনের সময় যারা সামনের সারিতে ছিলেন, তারাই ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। বর্তমানে তারা সরকারে থাকলেও ভবিষ্যতে অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হলে আবারও তারাই প্রথম লক্ষ্যবস্তু হবেন।

বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ধৈর্যের প্রশংসা করে নুরুল হক নুর বলেন, দীর্ঘ প্রায় সাড়ে ১৭ বছর দলকে সংগঠিত রাখার কারণেই বিএনপি আজ দেশের সবচেয়ে সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বৃহত্তর জাতীয় ঐক্য ধরে রাখার পরিবর্তে নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমে জুলাইয়ের চেতনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে।

নুর বলেন, গণঅধিকার পরিষদ কোনো সুবিধা লাভের জন্য নয়, বরং গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যেই বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছে।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর সংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ