খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে যশোরে ‘তাহাফফুজে ফিকরে আকাবির মহাসম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রাচীন ও প্রধান ইসলামী বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আবুল কাসেম নোমানী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) যশোরের আশরাফুল মাদারিস সতীঘাটা মাদরাসা প্রাঙ্গণে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আবুল কাসেম নোমানী কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা, আকাবিরে দেওবন্দের আদর্শ, উম্মাহর ঐক্য এবং কওমী মাদরাসার অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল উলূম দেওবন্দের আহলে শূরা মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী, বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস এবং হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব মুফতী কিফায়াতুল্লাহ।
পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মুফতী গোলামুর রহমান ও মুফতী আবদুল্লাহ ইয়াহইয়ার পরিচালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী।
এছাড়াও খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামীদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া, মুফতী রশীদ বিন ওয়াক্কাস, মুফতী আব্দুল হাই, মাওলানা রুহুল আমীন, মাওলানা হামিদুল ইসলাম ও মুফতী আবদুশ শাকুর প্রমুখ।
বৃহস্পতিবার বাদ যোহর থেকে আছর পর্যন্ত চলা এ সম্মেলনে খুলনা বিভাগের ১০ জেলার শত শত মাদরাসা থেকে বিপুলসংখ্যক উলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।










