আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ক্যানসার শরীরের হাড়সহ বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ায় তিনি তীব্র ব্যথায় ভুগছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ছেলে হান্টার বাইডেন বলেন, বাবার এই কঠিন অবস্থা দেখা পরিবারের জন্য অত্যন্ত কষ্টের।
হান্টার বলেন, “ক্যানসার ছড়িয়ে পড়েছে। তাঁর শরীরের হাড় ও অন্যান্য জায়গায় এটি বিস্তৃত হয়েছে। ক্যানসারটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং এর ফলে তাঁর শরীর নানাভাবে দুর্বল ও অক্ষম হয়ে পড়েছে।” তিনি আরও যোগ করেন, “তাকে এমন অবস্থায় দেখা খুবই বেদনাদায়ক। তিনি যদি তাঁর কষ্টের কথা একটু বেশি প্রকাশ করতেন বা অভিযোগ করতেন, তবে হয়তো ভালো হতো; কারণ পরিস্থিতি আসলেই বেশ গুরুতর।”
আমেরিকান ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে ৮৩ বছর বয়সে দায়িত্ব পালন করা জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে বিতর্ক নতুন নয়। প্রেসিডেন্ট পদে থাকাকালে তাঁর শারীরিক অসুস্থতার প্রকৃত তথ্য আড়াল করার জন্য তৎকালীন ফার্স্ট লেডি জিল বাইডেন ও হোয়াইট হাউজের উপদেষ্টাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা রয়েছে। বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বিপর্যয়ের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এই বিতর্ককে আরও জোরালো করে।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে—হোয়াইট হাউজ ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে—জো বাইডেন নিজেই তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানান।
হান্টার বাইডেন জানান, শারীরিক এই মারাত্মক সংকটের মধ্যেও জো বাইডেন জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে এখনও তাঁর মতামত ব্যক্ত করেন। এছাড়া, আমেরিকার আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর জো বাইডেন তাঁর বহুপ্রতীক্ষিত স্মৃতিকথা ‘আমেরিকা, প্রমিজ মি’ প্রকাশ করবেন বলে জানা গেছে।
সূত্র: বিবিসি










