spot_img

হরমুজ প্রণালির নতুন বাস্তবতা না মেনে উপায় নেই আমেরিকার: ইরান

হরমুজ প্রণালিতে ইরান যে নতুন ব্যবস্থা চালু করেছে, তা মেনে নেওয়া ছাড়া আমেরিকার কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তার মতে, হরমুজে তৈরি হওয়া নতুন এ বাস্তবতা অপরিবর্তনীয়।

শনিবার (৮ আগস্ট) তেহরানে এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

হরমুজ প্রণালিতে চালু হওয়া নতুন নিয়মের কথা উল্লেখ করে আকরামিনিয়া বলেন, এসব ব্যবস্থা পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ় অবস্থানে থাকবে।

উপসাগরীয় অঞ্চলে আমেরিকার কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালিতে তৈরি হওয়া নতুন বাস্তবতা উপেক্ষা করলে আগ্রাসী পক্ষকে অতীতের তুলনায় অনেক বেশি মূল্য দিতে হবে।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এ বিষয়ে দেশটির সশস্ত্র বাহিনীর যথেষ্ট প্রেরণা ও দৃঢ় সংকল্প রয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিরক্ষা ও রাষ্ট্রব্যবস্থা রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করতে প্রস্তুত সামরিক বাহিনীর সদস্যরা। উচ্চ মনোবল নিয়ে ইরানি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণকেন্দ্রে অবস্থান করছেন এবং শত্রুর বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কার্যকর অভিযান পরিচালনা করেছেন।

ইরানের দাবি, হরমুজ প্রণালিতে আগের নিয়ম আর কার্যকর নেই। এখন ইরানের নির্ধারিত নতুন শর্ত ও ব্যবস্থাকে হিসাবের মধ্যে রেখেই অন্য দেশগুলোকে চলতে হবে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান টোল বা সার্ভিস ফি কিংবা নিরাপদে চলাচলের বিনিময়ে অর্থ নেওয়ার ব্যবস্থা চালুর বিষয়ে অবস্থান নিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ