spot_img

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ১১

ইয়েমেনের বন্দরনগরী মোখায় হুথিদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন সামরিক সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন।

সরকারের নিয়ন্ত্রণে থাকা মোখা শহরের চিকিৎসা সূত্র জানিয়েছে, হামলায় আরও ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিক। বেসামরিক হতাহতের সবাই মোখা বন্দরে চালানো হামলার শিকার হয়েছেন।

এর আগে ইয়েমেন সরকারের দুটি সামরিক সূত্র জানিয়েছিল, হামলায় অন্তত আট সেনা নিহত এবং ৪০ জনের বেশি সামরিক সদস্য আহত হয়েছেন।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ওই এলাকায় অবস্থানরত ‘সৌদি শত্রু’ সেনা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ইয়েমেন সরকারের দুই সামরিক সূত্রও জানিয়েছে, হুথিরা মোখায় কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি মোখার বাইরে সরকারপন্থি বাহিনীর অবস্থান ও স্থাপনা এবং বাব আল-মান্দেব প্রণালির কাছের কয়েকটি দ্বীপেও হামলা হয়েছে।

এক সামরিক সূত্র জানায়, হামলার কয়েকটি লক্ষ্যস্থলে সৌদি সেনারা অবস্থান করছিলেন। তবে সৌদি সামরিক সদস্যদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে মোখার বাসিন্দারা হামলার সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। এক বাসিন্দা বলেন, বন্দর ও শহরের ওপর ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরেক বাসিন্দা জানান, বন্দরে পরপর ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ