spot_img

স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও ত্যাগীরাই মনোনয়ন পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদেরই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। দুর্বল বা অযোগ্য কাউকে মনোনয়ন দিলে অন্যরা সুযোগ নেবে। তাই দল সমর্থিত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (৯ আগস্ট) রাতে নগরীর রেডিসন ব্লুতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। সভায় ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান। এতে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় উপস্থিত একাধিক বিএনপি নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমান দলের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন এবং সাংগঠনিকভাবে আরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘গুপ্ত বাহিনীর ষড়যন্ত্র এখনো চলছে। ফ্যাসিবাদী শক্তিও ষড়যন্ত্রে লিপ্ত।’

ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বিচার প্রসঙ্গে তিনি বলেন, এক মাসের মধ্যে বিচার সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা ১৫ দিনের মধ্যে শেষ করা হয়েছে। এরপরও গুপ্ত বাহিনী এই বিচার নিয়ে মিথ্যাচার করেছে।

বিএনপি পরিবারকে একটি ঘরের বাসিন্দাদের সঙ্গে তুলনা করে তারেক রহমান বলেন, কোনো কারণে যাতে সেই ঘর ভেঙে না পড়ে, সে জন্য সবাইকে তা শক্ত হাতে ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিচ্ছে। এসব উদ্যোগের বিষয়ে জনগণকে জানাতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ