spot_img

ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান হলেন মোহসেন রেজাই

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার-ইন-চিফ মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রেসিডেন্সির মুখপাত্র মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, মোহাম্মদ বাঘের জোলঘাদর সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবের পদ থেকে সরে গিয়ে নতুন দায়িত্বে নিয়োগ পাওয়ায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মোহসেন রেজাইকে সংস্থাটির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

৭১ বছর বয়সী রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির নেতৃত্ব দেন। এরপর তিনি বেশ কয়েকটি উচ্চপদস্থ রাজনৈতিক দায়িত্ব পালন করেন। পরে তিনি সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

গত জুলাইয়ে রেজাই বলেছিলেন, বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’।

তার পূর্বসূরি জোলঘাদরও আইআরজিসির সাবেক কমান্ডার ছিলেন। গত মার্চে তিনি কাউন্সিলটির নেতৃত্ব গ্রহণ করেছিলেন।

রোববার সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, জোলঘাদর এখন মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ