spot_img

ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার

ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্র থেকে ফ্যাসিবাদ দূর করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত স্পিকার বলেন, আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন হবে প্রকাশ্যে।

সভায় রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া নির্বাচন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।

প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি প্রমুখ।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৩ ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচন পরিচালনা করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ