ইরানের সঙ্গে পরিস্থিতি ভালোভাবেই এগোচ্ছে এবং হরমুজ প্রণালির ওপর মার্কিন বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১১ আগস্ট) জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করেন। খবর আল-জাজিরার।
ট্রাম্প বলেন, ‘ইরানের পরিস্থিতি ভালো, একেবারেই ভালো। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আমাদের হাতে; অন্য কারও নয়, শুধু আমাদের।’
তিনি আরও বলেন, ‘আমাদের নৌবাহিনী অবিশ্বাস্য এবং আমাদের দেশের জন্য সবকিছু দারুণভাবে এগোচ্ছে।’
তবে ইরানের প্রতি আস্থার প্রশ্নে কঠোর অবস্থান তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ইরানকে বিশ্বাস করি না। ইরানকে বিশ্বাস করার ক্ষেত্রে আমিই সম্ভবত শেষ ব্যক্তি। তারা প্রতিনিয়ত আমার সঙ্গে মিথ্যা বলেছে।’
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
সূত্র: আল-জাজিরা










